রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে। আজ থেকে ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম।
তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ পর্যন্ত চালানো হচ্ছে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতোই গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ৭৮৪ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন অতিক্রম করে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। অন্যদিকে, ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছায়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আবারও আগের নির্ধারিত রুটে চলাচল করবে।


