...|...|...

জাতীয়

নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে বাতিল হবে এনআইডির আবেদন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৪
Shares
নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে বাতিল হবে এনআইডির আবেদন

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিবন্ধনের পর ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকা আবেদন নিষ্পত্তির লক্ষ্যে এ সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেকেই বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না। ফলে তাদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়লেও কাজের অগ্রগতি হচ্ছে না। এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

আখতার আহমেদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলেও সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আবার আবেদন করতে পারবেন।

ইসি সচিব বলেন, অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং (নিষ্পত্তির অপেক্ষায়) অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসসকে বলেন, অনলাইনে এনআইডির আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো বা ডেকে পাঠানো হয়। কিন্তু কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তার আবেদনটি বাতিল করা হবে। কারণ, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয়।

সূত্র: বাসস