...|...|...

জাতীয়

এনআইডির আবেদন বাতিল হতে পারে যেসব কারণে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৮
Shares
এনআইডির আবেদন বাতিল হতে পারে যেসব কারণে

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার পর ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে আবেদন বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা আবেদন নিষ্পত্তির জন্য এ সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে আবেদন বাতিল হলেও সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে নতুন করে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেক আবেদনকারী বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না। ফলে তাদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে আবেদনের সংখ্যা বাড়লেও নিষ্পত্তির অগ্রগতি হচ্ছে না। এ পরিস্থিতি বিবেচনায় সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আখতার আহমেদ আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় কোনো আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তির পুনরায় আবেদন করার সুযোগ থাকবে।

ইসি সচিব বলেন, কাউকে অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, অনলাইনে এনআইডির আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো হয় অথবা ডেকে পাঠানো হয়। এরপরও কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তার আবেদন বাতিল করা হবে।

তিনি আরও বলেন, এতে এনআইডি পাওয়ার সুযোগ বন্ধ হবে না। সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে চাইলে নতুন করে আবেদন করতে পারবেন। কারণ, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয়।

সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত ইসিতে এনআইডি সংশোধনের জন্য ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাকি সব আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

সূত্র: বাসস।