ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজও চেয়েছেন তিনি। তবে সরাসরি শেখ হাসিনা নন, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তার এই ইচ্ছার কথা জানিয়েছেন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।
এই ঘোষণার পর রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন যুক্তরাজ্যপ্রবাসী এই বাংলাদেশি। কে এই মোজাম্মেল আলী? কী তার রাজনৈতিক ও পেশাগত পরিচয়?
সৈয়দ মোজাম্মেল আলী একজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসের পাশাপাশি বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখালেখি করছেন তিনি। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়।
যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধনের নথি অনুযায়ী, ১৯৪৯ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করেন মোজাম্মেল আলী। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া এই ব্যবসায়ী দেশটির সারে অঞ্চলে বসবাস করেন।
আন্তর্জাতিক পরিসরে রাজনৈতিক তৎপরতা
লন্ডনভিত্তিক বাংলাদেশবিষয়ক গবেষণা ও আলোচনামূলক প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী। এই প্রতিষ্ঠানের ব্যানারে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সেমিনার এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও দক্ষিণ এশিয়ার নানা বিষয় নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও নিবন্ধ লিখেছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং দলটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন সমালোচনার জবাব দেওয়ার ক্ষেত্রে সক্রিয় ছিলেন মোজাম্মেল আলী।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার পক্ষে নিয়মিত বক্তব্য দিতে দেখা যায় মোজাম্মেল আলীকে। শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিভিন্ন সময়ে কথা বলেছেন তিনি।
হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন
রয়টার্সকে মোজাম্মেল আলী জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন। এখন একইভাবে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
শেখ হাসিনাকে সংবিধানবহির্ভূতভাবে নির্বাসনে পাঠানো হয়েছে বলে দাবি করেন মোজাম্মেল আলী। তার ভাষ্য, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতে অবস্থান নেওয়ার পর এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট একটি তারিখ জানিয়েছেন শেখ হাসিনা।
তবে তার দেশে ফেরার প্রশ্নটি কেবল রাজনৈতিক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আইনি বিষয়ও। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ফলে তার দেশে ফেরার আগ্রহ প্রকাশের মধ্য দিয়ে রাজনৈতিক আলোচনার পাশাপাশি সামনে এসেছে আইনি প্রক্রিয়ার বিষয়টিও।

