শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের সাথে আলোচনা করবে সরকার। তার দেশে ফেরা নিয়ে শেখ হাসিনার সাথে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসাথে জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সাথে আমাদের না। এই আলোচনা আমাদের সাথে ভারতের।’
তিনি জানান, সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত চায়। তবে তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে, কিংবা কীভাবে তাকে হস্তান্তর করা হবে, তা ভারতের সাথে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
ভারতের সাথে আলোচনার বিষয়টি ব্যাখ্যা করে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ তাদের ওখানে (ভারতে) আছেন। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন না হেঁটে বাংলাদেশে আসবেন, কিভাবে হস্তান্তর হবে এই আলোচনা ভারতের সাথে নির্ধারিত হবে।’
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই তাকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে। তাকে প্রত্যর্পণ করা হবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘শেখ হাসিনা যদি আসতেই চান তার তো এখন আর আইনি ঝামেলা থাকার কোন কারণ আছে বলে মনে করি না। উনাকে প্রত্যারণ করে দিলেই হয়। ভারত খুশি মনে তাকে প্রত্যারপণ করে দেওয়া উচিত। কারণ যিনি আসামি, তিনি নিজেই চাচ্ছেন বাংলাদেশে যেতে।’
এদিকে, ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়। জবাবে জাহেদ উর রহমান বলেন, সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধ করা বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর ঘিরে বিভিন্ন আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।


