...|...|...

জাতীয়

ডিসেম্বরকে নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: এসআরবি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৩
Shares
ডিসেম্বরকে নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: এসআরবি

রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য ও আলোচনা চললেও দেশবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারির মতো নির্দিষ্ট কোনো মাস বা তারিখ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। অতীতেও দেশের মানুষ এ ধরনের অনেক ঘোষণা শুনেছেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্য নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই।

সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের আন্দোলন ও দাবি উত্থাপন যৌক্তিক। তবে অভিযোগ রয়েছে, এই আন্দোলনকে আড়াল হিসেবে ব্যবহার করে কিছু ব্যক্তি বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন।

তিনি জানান, ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে। একই সাথে দেশের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা। নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় নাশকতা প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতার প্রশংসা করেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের সাহসী ভূমিকার কারণে অনেক সন্দেহভাজন নাশকতাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে।

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারও কাছে নাশকতা বা সন্দেহজনক কর্মকাণ্ডের কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান রইলো।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে এসআরবির এই কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।