...|...|...

রাজনীতি

ফাঁসিতে ঝোলার জন্য কখনোই দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:০৯
Shares
ফাঁসিতে ঝোলার জন্য কখনোই দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খান

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসিতে ঝোলার জন্য কখনোই বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

সোমবার (২৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা থাকলে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের নেতাদের যাওয়ার প্রয়োজন কী?

রাশেদ খানের বক্তব্য, শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয়ে রয়েছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি ভারতীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেই বাস্তবায়িত হওয়ার কথা।

এ অবস্থায় আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মায়ার পেট্রাপোল সীমান্তে যাওয়ার কারণ জানতে চান তিনি। এসব নেতা ভারতের কোনো প্রশাসনিক বা নিরাপত্তা সংস্থার প্রতিনিধিত্ব করছেন কি না, নাকি তাদের সফরের পেছনে ভিন্ন কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, সেই প্রশ্নও করেন রাশেদ খান।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাশেদ খান দাবি করেন, তিনি কখনোই ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার জন্য বাংলাদেশে ফিরবেন না। বরং সীমান্তকেন্দ্রিক নানা তৎপরতার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

তার ধারণা, দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এমনকি ২০০৭ সালের এক-এগারোর মতো পরিস্থিতি তৈরির উদ্দেশ্যও থাকতে পারে। তবে এমন প্রচেষ্টা সফল হবে না।

সীমান্ত পরিস্থিতি নিয়েও নিজের পোস্টে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তাঁর দাবি, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও নিজ উদ্যোগে পাহারা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

পোস্টের শেষাংশে শেখ হাসিনার নাগরিকত্ব ও প্রত্যাবাসন নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন রাশেদ খান। তিনি বলেন, ভারত চাইলে শেখ হাসিনাকে নাগরিকত্ব দিয়ে নিজেদের দেশে রাখতে পারে। শেখ হাসিনাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবেনা।

একই সাথে রাশেদ খান বলেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবাসন ঘিরে আওয়ামী লীগের নেতাদের সীমান্ত সফরের উদ্দেশ্য এবং রাজনৈতিক তৎপরতা নিয়েই মূলত নিজের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।