...|...|...

রাজনীতি

আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৬:৩০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০
Shares
আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে তথ্য পাচার ও দলটির শীর্ষ নেতাদের সাথে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির কুতুবপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়ার স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তৈয়বুর রহমান দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিএনপির সাংগঠনিক পরিচয়ে থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং দলটির শীর্ষ নেতাদের সাথে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি থাকার বিষয়টিও তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে বলেও এতে জানানো হয়।

এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সিদ্ধান্তের অংশ হিসেবে নেওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে তৈয়বুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সাথেও তার সখ্যতা ছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে দলীয় তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়েছে।