...|...|...

সারাদেশ

যুবদল নেতার মাছের ঘেরে মিলল চোরাই গাড়ি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ৩:৩৭
Shares
যুবদল নেতার মাছের ঘেরে মিলল চোরাই গাড়ি

আশাশুনি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে চুরির মামলায় দায়ের হওয়া একটি সাদা রঙের টয়োটা করোলা প্রাইভেটকার উদ্ধার হয়েছে সাতক্ষীরার আশাশুনি থেকে। 

সোমবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউসুলি (মান্দারা) এলাকায় আশাশুনি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগের মাছের ঘেরের পাশ থেকে গাড়িটি উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ। তবে গাড়িটি নিজের নয় বলে দাবি করেছেন যুবদল নেতা আবু জাহিদ সোহাগ।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের আবুল কাশেমের একটি সাদা রঙের টয়োটা করোলা প্রাইভেটকার চুরির ঘটনায় গত ১৯ অক্টোবর হাজীগঞ্জ থানায় ৩৩ নম্বর মামলা দায়ের হয়। মামলার তদন্তে গাড়িটির অবস্থান সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাউসুলি এলাকায় শনাক্ত করা হয়। পরে রবিবার রাতে হাজীগঞ্জ থানার এসআই নূরে আলম সাতক্ষীরায় আসেন। সোমবার ভোরে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

হাজীগঞ্জ থানার এসআই নূরে আলম জানান, গাড়ি চুরির মামলাটি তদন্ত করতে গিয়ে গাড়িটির অবস্থান সাতক্ষীরায় পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়েছে। মূল আসামিকে গ্রেফতার না করা পর্যন্ত তদন্তের স্বার্থে কিছু তথ্য গোপন রাখা হচ্ছে।

ঘেরের কর্মচারী এনামুল শেখের ভাষ্য, প্রায় তিন মাস আগে আবু জাহিদ সোহাগ পাশের ঘেরের কর্মচারী ইলিয়াসের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনেন। গাড়িটি কেনার পর মেরামতে প্রায় দেড় লাখ টাকা খরচ করেন। সম্প্রতি বিক্রেতাকে ২০ হাজার টাকা দেওয়া হলেও আরও ৩০ হাজার টাকা বাকি ছিল। আবু জাহিদ বিভিন্ন সময়ে দূরবর্তী স্থানে যাতায়াতের জন্য গাড়িটি ব্যবহার করতেন বলেও দাবি করেন তিনি।

এনামুল শেখ বলেন, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি ঘেরে এসে গাড়ির ছবি তোলেন এবং মালিকের নাম জানতে চান। তিনি আবু জাহিদ সোহাগের নাম জানান। পরে সকাল ৬টার দিকে পুলিশ ঘেরের পাশ থেকে গাড়িটি নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা খোকন সরদারও জানান, প্রায় তিন মাস ধরে আবু জাহিদ সোহাগ ওই সাদা রঙের করোলা প্রাইভেটকার ব্যবহার করতেন। সোমবার ভোরে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তার কাছে গাড়ির মালিকানা জানতে চাইলে তিনি আবু জাহিদের নাম জানান। পরে আশাশুনি থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন, হাজীগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম ও গাড়ির মালিকের উপস্থিতিতে গাড়িটি উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আবু জাহিদের জিম্মা থেকে চোরাই গাড়িটি উদ্ধার করা হয়েছে। তাকে আইনের আওতায় আনা হবে।

তবে আশাশুনি থানার ওসি শাহীদুর রহমান বলেন, চাঁদপুরের হাজীগঞ্জ থানা থেকে পুলিশ এসে সোমবার ভোরে বাউসুলি গ্রামের একটি মাছের ঘের থেকে প্রাইভেটকার নিয়ে গেছে। গাড়িটি চোরাই কি না, সে বিষয়ে তিনি জানেন না।

অন্যদিকে আশাশুনি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ বলেন, গাড়িটি আমার ঘেরের পাশে ইলিয়াস নামে একজন কিনেছেন। গাড়িটি আমার নয়, আমি ব্যবহারও করিনি।