...|...|...

সারাদেশ

খুলনায় বিএনপি নেতাকে গুলি

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ১২:২৮ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, রাত ১২:৪৭
Shares
খুলনায় বিএনপি নেতাকে গুলি

ছবি: সংগৃহীত

খুলনার তেরখাদায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমানকে (৪৭) লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তার বাম হাত, ডান পা ও বাম পাঁজরের নিচে গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খুলনা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার রাতে মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়ি উত্তর মোকামপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে।

এতে তিনি শরীরের তিন স্থানে গুলিবিদ্ধ হন। গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আহত মাফিজুর রহমান তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবুল হোসেন। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে তার ওপর এ হামলা চালানো হয়েছে, এ ঘটনার সাথে কারা জড়িত কিংবা হামলার পেছনে কোনো বিরোধ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।