...|...|...

সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সের টাকায় নতুন ইতিহাস

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ১১:১৯ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, রাত ১১:২১
Shares
পাগলা মসজিদের দানবাক্সের টাকায় নতুন ইতিহাস

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। নগদ টাকার পাশাপাশি মিলেছে বৈদেশিক মুদ্রা, সোনার চামচ, বাটি ও স্বর্ণালংকার। দানবাক্সে এবারই প্রথম সোনার চামচ ও বাটি পাওয়া গেছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

প্রায় ১৫ ঘণ্টা ধরে টাকা গণনা শেষে শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ তথ্য জানান কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, দানবাক্সে এবার প্রায় এক বস্তা চিঠিও পাওয়া গেছে। এসব চিঠি ও চিরকুটের কারণে টাকা গণনার কাজে বাড়তি সময় লাগছে।

এর আগে চার মাস ২৪ দিন পর শনিবার সকালে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় টাকা গণনার কাজ।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, মানুষের দানের পরিমাণ বেড়ে যাওয়ায় এবার দুটি বাক্স বাড়িয়ে মোট ১৫টি করা হয়েছে। কিন্তু চিঠিপত্র ও চিরকুটের কারণে দানবাক্সে জায়গার সংকট তৈরি হয়।

তিনি আরও বলেন, ‘চিঠি না দিতে আমরা প্রতিবারই অনুরোধ করে আসছি। অহেতুক চিঠির কারণে টাকা গণনায় ব্যাঘাত ঘটে, সময় নষ্ট হয়।’

এর আগে চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। নগদ টাকা ও গয়না ছাড়াও ভক্তরা এই মসজিদে গরু, ছাগল এবং হাঁস-মুরগিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন।

এবারের দানের পরিমাণ আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।