...|...|...

সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৪
Shares
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা। ছবি: টাইমস টুডে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। বিপুল পরিমাণ এই টাকা গণনা করতে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। মসজিদের দানবাক্স ঘিরে সৃষ্টি হয়েছে উৎসুক মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টা থেকে জেলা প্রশাসক সোহানা নাসরিনের উপস্থিতিতে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের দানবাক্সগুলো খোলা হয়।

প্রেস ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, এবার দানবাক্স খোলা হয়েছে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর। এর আগে সর্বশেষ ২৭ জুন ২০২৬ তারিখে দানবাক্স খোলা হয়েছিল। তখন গণনা শেষে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ৭৯৬ টাকা।

পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের দানবাক্সে নগদ টাকা ছাড়াও স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এবারও বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও অন্যান্য সামগ্রী পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টাকা গণনা ও হিসাব-নিকাশ শেষ না হওয়া পর্যন্ত মোট অর্থের পরিমাণ জানা যাচ্ছে না।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া অর্থ ব্যাংকে জমা রাখা হয়। পাশাপাশি মসজিদের ওয়েবসাইটের মাধ্যমেও দেশ-বিদেশ থেকে অনলাইনে অনুদান দেওয়ার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, পাগলা মসজিদ দেশের অন্যতম আলোচিত ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিবার দানবাক্স খোলার পর বিপুল পরিমাণ অর্থ পাওয়ায় জাতীয় পর্যায়েও আলোচনায় আসে কিশোরগঞ্জের এই ঐতিহাসিক মসজিদ।