কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স আবারও খোলা হচ্ছে। দীর্ঘ ১৪৭ দিন পর আগামীকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের দানবাক্সগুলো খোলা হবে। এ সময় উপস্থিত থাকবেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন।
সর্বশেষ গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। ১৮২ দিন পর সেদিন দানবাক্স খুলে পাওয়া যায় ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গিয়েছিল।
এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া যায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। সেই হিসাবে জুনের সর্বশেষ গণনায় আগেরবারের তুলনায় দানের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছিল।
সাধারণত প্রতি তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে এবার সর্বশেষ দানবাক্স খোলার ১৪৭ দিন পর আবারও সিন্দুকগুলো খোলা হচ্ছে।
দেশের অন্যতম আলোচিত ধর্মীয় প্রতিষ্ঠান পাগলা মসজিদে প্রতিদিনই ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দান করতে আসেন। নগদ অর্থ ছাড়াও দানবাক্সে পাওয়া যায় ডলার, রিয়াল, দিনারসহ বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার।
এবার দানবাক্স খুলে কত বস্তা টাকা পাওয়া যায় এবং দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যায় কি না, তা নিয়ে স্থানীয়দের পাশাপাশি দেশজুড়েও কৌতূহল তৈরি হয়েছে।


