...|...|...

সারাদেশ

জমি নিয়ে সন্তানদের বিরোধ, দাফন ছাড়াই পড়ে আছে বাবার লাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৩
Shares
জমি নিয়ে সন্তানদের বিরোধ, দাফন ছাড়াই পড়ে আছে বাবার লাশ

ছবি: সংগৃহীত

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন এক ছেলে ও তিন মেয়ে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তির লাশ দাফন করা সম্ভব হয়নি।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. মাহাবুর তরফদার (৮০)। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে। অভিযোগ, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক জমি নিজেদের নামে রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন।

শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসেন মেজ ছেলে বাক্‌প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন। এ সময় তারা বাবার লাশ দাফনে বাধা দেন। তাদের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার লাশ দাফন করতে দেবেন না। দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, গত দুই বছর ধরে রফিকুল তরফদার ও তার তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তারা আদালতে মামলাও করেছিলেন।

তবে বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মনিরুল ও শফি তরফদার। তাদের দাবি, কোনো জোরজবরদস্তি করা হয়নি; বাবা নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।