চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি এবং কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে ওসির সরকারি মুঠোফোনে এসব হুমকিমূলক বার্তা পাঠানো হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি আব্দুল হালিম।
জিডি সূত্রে জানা গেছে, হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো নম্বরটিতে ইংরেজিতে ‘এন এম জামাল’ নাম ব্যবহার করা হয়েছে। শুরুতে ওই নম্বর থেকে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা পাঠানো হয়। পরে ওসিকে তার আগের কার্যক্রম চালিয়ে গেলে শিগগিরই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার না করার নির্দেশ দিয়ে হুমকিদাতা লেখেন, এরপর কোনো নেতাকর্মীকে গ্রেফতার হলে ওসির পরিবার ও বংশের কাউকে ছাড় দেওয়া হবে না।
পরবর্তী বার্তায় নিজের জীবন ও জোরারগঞ্জ থানার নিরাপত্তার কথা বিবেচনা করে অন্যায়ভাবে কাউকে গ্রেফতার করা থেকে বিরত থাকতে বলা হয়। অন্যথায় পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
হুমকির শেষ পর্যায়ে ওসিকে কাফনের কাপড় প্রস্তুত রাখার কথা বলা হয়। একই সাথে তাকে রাস্তায় পড়ে থাকতে হতে পারে বলেও বার্তা পাঠানো হয়।
জিডিতে ওসি উল্লেখ করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিভিন্ন সময়ে একাধিক হুমকিমূলক বার্তা পাঠিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেছেন। নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতের সতর্কতা হিসেবে তিনি ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করেছেন।


