প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও একটি করে মগ তুলে দেওয়া হয়। বাকি ৫৭ হাজার চারা ও মগ আগামী রবিবার (২২ নভেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিলাম একটি করে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পান করার মগ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকের বাড়িতে একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানাচ্ছি। ভালো কাজের সাথে থাকতে হবে, সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আজকের শিক্ষার্থীরা শুধু একটি গাছের চারা গ্রহণ করবে না, বরং সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নেবে—এটাই তাদের প্রত্যাশা।’
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। দলটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে এবং সহিংসতার মাধ্যমে নিজেরাই তা প্রকাশ করেছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে, তবে এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সহিংসতা ও নাশকতায় জড়িতদের জায়গা কারাগারে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মীর শাহে আলম বলেন, ‘কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া যাবে না। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। দেশের মানুষ সহিংসতা নয়, শান্তি ও উন্নয়ন চায়। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।’
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।’
ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না বলে মন্তব্য করেন তিনি। দেশের মানুষের শান্তি ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা অভিহিত করে মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নানা পরিকল্পনা করছেন। দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার সবসময় এগিয়ে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং এরপর তারেক রহমান দেশের হাল ধরেছেন। তারা দেশের মানুষের কথা ভাবেন এবং দেশের জন্য কাজ করেন।’
বগুড়ার সন্তানকে নিয়ে তারা গর্বিত উল্লেখ করে প্রধানমন্ত্রীর পাশে থেকে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বছর তরুণদের খেলাধুলার সাথে যুক্ত রাখতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে চায় সরকার। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।’
প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


