নরসিংদীর বেলাবো ও পলাশ উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা মেরেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়ন ও পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
বেলাবো গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. নাজমুল আলম জানান, রাত আনুমানিক ৩টার দিকে কে বা কারা ব্যাংকে পেট্রলবোমা ছুড়ে মেরে পালিয়ে যায়। আমি ওপরের তলায় থাকায় ঘটনার উপস্থিতি টের পেয়ে দ্রুত নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা করি। তবে ততক্ষণে অফিসে থাকা একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে যায়। তবে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। তৎক্ষনাৎ আমরা পুলিশকে খবর দিলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আমরা থানায় একটি জিডি করি।
বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং কারা এবং কী উদ্দেশে এ নাশকতার চেষ্টা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পলাশ উপজেলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় লক্ষ্য করে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুন জ্বললেও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় কার্যালয়টি।
স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের নাইট গার্ডের তথ্যমতে, কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বোমা নিক্ষেপের পর কার্যালয়ের সামনে দাও দাও করে আগুন জ্বলে উঠলে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীর সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
খবর পেয়ে পলাশ থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।


