ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে গভীর রাতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে স্টেশনের অফিস কক্ষের কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রবিবার (১৬ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা স্টেশনের অফিস কক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে অফিস কক্ষের কাঠের দরজায় আগুন ধরে যায়। ওই সময় কক্ষে কর্মচারীরা অবস্থান করছিলেন। তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
স্টেশন মাস্টার আরও জানান, হামলার সময় অফিস কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বারবাজার রেলওয়ে স্টেশনে রাতে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।


