আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চললেও এখনো বন্ধ রয়েছে ৫৪টি কারখানা। শ্রমিক অসন্তোষ ও সংঘাতের জেরে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ১৪টি অনির্দিষ্টকালের জন্য, ৩৫টি শ্রম আইনের ১৩(১) ধারায় এবং পাঁচটি মৌখিক ঘোষণায় বন্ধ রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে দেখা গেছে। পাশাপাশি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বন্ধ কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান ও সাঁজোয়া যান (এপিসি)। তবে এদিন এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ করতে আজ তৃতীয়বারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। এই বৈঠকে মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। শ্রমিকদের মধ্যেও এ বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আগ্রহ রয়েছে।
বন্ধ থাকা কারখানাগুলোর সামনে ঝুলছে কারখানা বন্ধের নোটিশ। এসব নোটিশে বলা হয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নিরাপত্তা জোরদারে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলসহ তিন দফা দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলছে। এ নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে গত শনিবার জরুরি বিশেষ বৈঠক করে কঠোর অবস্থানের কথা জানায় তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সংগঠনটি জানায়, কারখানায় স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরে না এলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, কারখানাগুলো স্বাভাবিক উৎপাদনে না ফেরায় শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি বলেন, "মজুরির আলোচনা চলবে, আবার একই সাথে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা চলবে" এ দুটি একসাথে চলতে পারে না।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শ্রম আইনের ১৩(১) ধারায় ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ধারার অর্থ হলো, ‘কাজ নেই তো বেতন নেই’। অর্থাৎ কারখানা বন্ধ থাকার সময়ের জন্য শ্রমিকেরা মজুরি পাবেন না।
অন্যদিকে, গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হয়। আজকের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেবে বলে জানিয়েছে বিজিএমইএ।


