পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হামলার সময় বিএনপির এক নেতার বাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে গেছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। সেখানে গিয়ে তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়িটির একটি থাই গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
এরপর মিছিলকারীরা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন।
একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। সেখানে চেয়ার-টেবিল ভাঙচুরের পর সেগুলো বাইরে এনে আগুন দেওয়া হয়। এ ছাড়া কার্যালয়ের টিনও কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরে পৃথক দুটি স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


