খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোলবোমা হামলার পর নগরজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সাথে যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়নের কথা জানিয়েছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অপরাধে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নগর ভবনে হামলার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কেসিসি প্রশাসক।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, সিটি করপোরেশন কোনো রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিষ্ঠান নয়। এটি নগরবাসীর সেবা ও কল্যাণে কাজ করে। এমন একটি প্রতিষ্ঠানে পেট্রোলবোমা হামলার ঘটনায় তারা বিস্মিত। বোমাটি ভবনের সামনের সিঁড়িতে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে জনসমাগমের মধ্যে এমন ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কা ছিল।
নগরীর নিরাপত্তা জোরদারে প্রযুক্তিনির্ভর নজরদারির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পুরো খুলনা শহরকে এআই প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কেএমপির সাথে আলোচনা হয়েছে। দুই সংস্থা সমন্বিতভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
কেসিসি প্রশাসকের ভাষ্য, এআই ক্যামেরার মাধ্যমে ব্যক্তি, যানবাহন ও ইজিবাইক শনাক্ত করা সম্ভব হবে। এতে অপরাধীদের গতিবিধি শনাক্ত এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা পাবে। তবে প্রকল্পটি কবে শুরু হবে, কতটি ক্যামেরা বসানো হবে এবং এর সম্ভাব্য ব্যয় কত—এসব বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
হামলার বিষয়ে পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে। শিগগিরই হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার। কেসিসিও তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করবে।
নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মানুষকে জিম্মি করে রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা কিংবা অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ দেওয়া হবে না। খুলনাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত পৌনে একটার দিকে চলন্ত মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাটি ভবনের সামনের সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়। পরে নগর ভবনের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। টুটপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিটও সেখানে যায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে নগর ভবনের বিপরীতে শহীদ হাদিস পার্কের দেয়ালে লাল রঙের স্প্রে দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নাম লেখা দেখা গেছে। তবে দেয়ালে লেখা এবং নগর ভবনে পেট্রোলবোমা হামলার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নগর ভবনে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের অপেক্ষায় রয়েছেন নগরবাসী। একই সাথে অপরাধ নিয়ন্ত্রণে নগরজুড়ে এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়িত হয়, সেদিকেও নজর রয়েছে সংশ্লিষ্টদের।


