খুলনার আড়ংঘাটা স্টেশনে ট্রেনের ধাক্কায় মিঠুন সরকার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল থেকে মোংলাগামী বেতনা এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে আড়ংঘাটা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন মিঠুন। এ সময় দ্রুতগতিতে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনায় তার মাথা ও পেটে গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরবর্তী সময়ে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


