...|...|...

সারাদেশ

চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২০
Shares
চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম

চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম। ছবি: টাইমস টুডে

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাফতরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দফতরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

পরদিন বুধবার (১১ নভেম্বর) তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে তা অস্বীকার করেন ডিআইজি। তিনি জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

গ্রেফতার এসপি জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি নগরীর পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।