...|...|...

সারাদেশ

চলন্ত বাস থেকে ফেলে ২ যাত্রীকে হত্যার অভিযোগে চালক-সহকারী আটক

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১২
Shares
চলন্ত বাস থেকে ফেলে ২ যাত্রীকে হত্যার অভিযোগে চালক-সহকারী আটক

ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ ঘটনায় বাসের চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।

নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার ছয়জন যাত্রী কুমিল্লার ময়নামতি থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের একজন আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। আতিককে বাঁচাতে গেলে মুকুল ও শাকিবকে লাথি মেরে ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়া হয় বলে অভিযোগ করেন তারা।

ঘটনার পর পুলিশ বাসের চালক আজিজ হোসেন ও সহকারী শফিককে আটক করেছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বানী ইসরাইল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে। আহত একজনকে তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।’