...|...|...

সারাদেশ

জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৬
Shares
জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির লাশ উদ্ধার

ছবি: টাইমস টুডে

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার একটি সেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কয়েদির নাম মো. ফরহাদ (৪১)। তিনি টাঙ্গাইল সদর থানার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন জানান, রবিবার বন্দিদের নিয়মিত গণনা শেষে সেল বন্ধ করে দেওয়া হয়। হিমেল ভবনের নিচতলার ওই সেলে ফরহাদসহ তিনজন বন্দি ছিলেন। রাতে তার দুই সহবন্দি সেলের জানালার সাথে গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।

পরে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও জানান, টাঙ্গাইল মডেল থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় পৃথকভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন ফরহাদ। ২০১৯ সালের ২৬ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে তীব্র মাথাব্যথা ও দৃষ্টিজনিত বিভ্রমসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এসব সমস্যার কারণে এর আগেও একাধিকবার কারা হাসপাতালের অধীনে চিকিৎসা নিয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।