রাজধানী থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার মোস্তাফিজুর রহমানের পিতার নাম সৈয়দ জামান খন্দকার। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তার পরিচিতির কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাই-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের (National AgriCare Group) বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
এছাড়া বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও উল্লেখ করা হয়েছে পুলিশের প্রতিবেদনে।


