রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।
এ বিষয়ে শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই বাসের চালক ও হেলপারকে মারধর করছিলেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কারা এ ঘটনার সাথে জড়িত, তা জানা যায়নি।


