বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই দিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বক্তব্য দেন অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।
শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেফতার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই।
অন্যদিকে, আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই আসতে হবে।
এ সময় দেশের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার অভিযোগও তোলেন হুমায়ূন কবির। তিনি দাবি করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ ধরনের যেকোনো কর্মকাণ্ড সরকার কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।


