লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফেরানো হয়েছে। প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন অসুস্থ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় ফেরেন। এর আগে সোমবার (২৩ নভেম্বর) বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হয়।
জানা গেছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়ার পর এসব বাংলাদেশি দীর্ঘদিন ধরে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। পরে আইওএমের সহযোগিতায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, মঙ্গলবার আনুমানিক সকাল ৬টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে প্রত্যাবাসিতদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় তিনি দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার পাশাপাশি দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সাথে অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দেন।
এদিকে, আগামী ২৫ নভেম্বর ত্রিপোলি ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ উদ্যোগ বাস্তবায়িত হলে লিবিয়া থেকে আরও একদল আটক বাংলাদেশি দেশে ফেরার সুযোগ পাবেন।


