অতীতে দুর্বৃত্তায়নের মাধ্যমে দেশের সম্পদ লুটপাটের কারণে সৃষ্ট ক্ষতির মাশুল এখনো প্রতিটি নাগরিককে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকার রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের দুর্নীতির কারণে সৃষ্ট বিপুল ঋণের বোঝা, বিপর্যস্ত ব্যাংকিং খাত এবং ক্ষতিগ্রস্ত পুঁজিবাজারের চাপ সামাল দিতে হচ্ছে বর্তমান সরকারকে। এর মধ্যেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি দুর্বৃত্ত চক্র সক্রিয় রয়েছে।
আমির খসরু বলেন, এই চক্র চায় না বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছাক কিংবা এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাক। তাদের অপচেষ্টা প্রতিহত করা শুধু সরকারের দায়িত্ব নয় উল্লেখ করে তিনি সরকার, রাজনীতিবিদ, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে ।
অর্থনীতিকে অল্প কিছু মানুষের হাতে পুঞ্জীভূত রাখার পুরোনো ব্যবস্থা ভাঙার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সুফল যেন সীমিতসংখ্যক মানুষের হাতে আটকে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বড় পরিসরে পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, বর্তমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট থাকার সুযোগ নেই। চট্টগ্রামের উন্নয়নে আরও বড় পরিসরে চিন্তা করতে হবে।
তিনি জানান, চট্টগ্রামকে শুধু স্থানীয় বা জাতীয় অর্থনীতির কেন্দ্র হিসেবে নয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থনে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর ও লজিস্টিকস অবকাঠামো নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে আন্তর্জাতিক মান ও দক্ষতা বাড়াতে বন্দর পরিচালনায় বেসরকারি খাতের ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, নদীবন্দর হওয়ায় চট্টগ্রাম বন্দরের প্রাকৃতিক গভীরতার সীমাবদ্ধতা রয়েছে। বড় জাহাজের মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার সুযোগ বাড়াতে মহেশখালী ও খুলনায় ১৫ থেকে ২০ মিটার ড্রাফটের গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিঙ্গাপুরের পিএসএসহ আন্তর্জাতিক অংশীদারদের সাথে টার্মিনাল সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমির খসরু জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো সম্প্রসারণ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শিগগিরই শুরু হবে। পচনশীল পণ্য সংরক্ষণ ও আন্তর্জাতিক বাজারে সরবরাহ সহজ করতে সেখানে বিশেষায়িত কার্গো ভিলেজ ও কোল্ড চেইন স্টোরেজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া দুবাইয়ের জেবেল আলী ফ্রি পোর্টের আদলে চট্টগ্রামে ফ্রি পোর্ট সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ জন্য ২০০ থেকে ৩০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের আধুনিক ওয়্যারহাউস নির্মাণ করে বাংলাদেশ ও আঞ্চলিক বাজারে লজিস্টিকস সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের বিকাশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা ছাড়া কোনো অর্থনীতির অগ্রগতি সম্ভব নয়। অতীতে তৈরি হওয়া বিদ্যুৎ ও গ্যাসসংকট নিরসনে কাজ শুরু হয়েছে।
জ্বালানি সরবরাহ বাড়াতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আনা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি মহেশখালীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে একটি কোরীয় ও একটি জাপানি কোম্পানি যুক্ত হয়েছে।
দায়িত্ব নেওয়ার দিনই দেশের প্রকৃত অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন উল্লেখ করে ব্যবসায়ী সমাজের কাছে অন্তত দুই বছর সময় চান আমির খসরু। তিনি বলেন, এক বা দুই দিনে সমস্যার সমাধান সম্ভব নয়। তবে আগামী দুই বছরের মধ্যে জ্বালানি খাতে টেকসই ও স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিগত সরকারের অপশাসনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে বলেও জানান মন্ত্রী। এসব প্রতিকূলতার মধ্যেও সরকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এডিবির সাথে ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন কাঠামো চুক্তি হয়েছে। এর বড় অংশ চট্টগ্রামের বিমানবন্দর সম্প্রসারণ, লজিস্টিকস সেন্টার ও চট্টগ্রাম হেলথ সিটির মতো প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
সরকারের পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের সাথে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), জাপানের জাইকা, কোরিয়া, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক একাত্ম হয়েছে বলেও জানান তিনি।
দেশের পুঁজিবাজারে আন্তর্জাতিক মানের বড় ইকুইটি হোল্ডার ও বন্ড বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে আমির খসরু বলেন, সরকারের কৌশলগত নীতিমালা বাস্তবায়িত হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। আগামী পাঁচ বছর রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণ করতে হবে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিরুল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
আয়োজকেরা জানান, এবারের মেলায় ২০টি বৃহৎ প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন ও ২১৬টি স্টলে ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করছেন।
দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণে আকর্ষণীয় প্রবেশদ্বার, ফুড জোন, মসজিদ এবং শিশুদের জন্য দুটি প্লে-জোন তৈরি করা হয়েছে। এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে বিনা মূল্যে স্টল দেওয়া হয়েছে।


