...|...|...

সারাদেশ

৬ সন্তানের মধ্যে ২ জনের নামে সম্পদ, বাবার লাশ দাফনে বাধা বঞ্চিতদের

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫১
Shares
৬ সন্তানের মধ্যে ২ জনের নামে সম্পদ, বাবার লাশ দাফনে বাধা বঞ্চিতদের

ছবি: টাইমস টুডে

ঝিনাইদহের মহেশপুরে দুই ছেলের নামে জমি লিখে দেওয়ার অভিযোগ তুলে মাহবুব তরফদার (৮০) নামে এক ব্যক্তির লাশ দাফনে বাধা দিয়েছেন তার এক ছেলে ও তিন মেয়ে। এতে প্রায় ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়াই পড়ে আছে তার লাশ।

শুক্রবার (২০ নভেম্বর) মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ দাফন করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব তরফদার। তার তিন ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে মাহবুব তরফদারের সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মাহবুব তরফদারের মেজো ছেলে বাক্‌প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। এ সময় তারা বাবার লাশ দাফনে বাধা দেন।

মাহবুব তরফদারের তিন মেয়ে অভিযোগ করে জানান, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা তাদের বাবার লাশ দাফন করতে দেবেন না। দীর্ঘদিন ধরে তাদের বাবার সাথে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে রফিকুল তরফদার ও তার তিন বোনকে বাবার সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তারা আদালতে মামলাও দায়ের করেছিলেন।

তবে বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তারা জানান, কোনো জোরজবরদস্তি করা হয়নি। বরং বাবা নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।