দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে তফসিলি ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। গত পাঁচ বছরের তুলনামূলক পরিসংখ্যানে ব্যাংক খাতে খেলাপি ঋণের ধারাবাহিক বৃদ্ধির চিত্র উঠে এসেছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংসদে উপস্থাপিত তথ্যে দেখা যায়, ২০২২ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই সময় বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ ছিল খেলাপি।
পরবর্তী বছরগুলোতে খেলাপি ঋণের পরিমাণ বাড়তে থাকে। ২০২৪ সালে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ।
২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা। ওই বছর মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ ছিল খেলাপি। সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা।
সংসদে অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে এবং অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদের বিবরণী অনুসন্ধান করছে। এ কার্যক্রমে আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন সংস্থা ও দফতর যুক্ত রয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি প্রতিরোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
এ ছাড়া অর্থ পাচার প্রতিরোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।


