...|...|...

জাতীয়

শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৭ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৮
Shares
শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পুরোনো ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অন্য যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে সাজা ভোগ করতে হবে। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের সম্ভাব্য শর্ত নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, নয়াদিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা শর্ত জানানো হয়নি। ভবিষ্যতে কোনো শর্ত দেওয়া হলে সরকার তা পর্যালোচনা করবে।

এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো না হলে শুধু গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানেও একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি আলোচনায় থাকলেও দেশটির সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত পাওয়া যায়নি বলে পুনর্ব্যক্ত করেন শামা ওবায়েদ।