স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন চিকিৎসক কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে নতুন এবং কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে ষষ্ঠ গ্রেডের জুনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ছাড়া এবং নবম গ্রেডের সব চিকিৎসক কর্মকর্তার বদলি ও পদায়নের আবেদন বাধ্যতামূলকভাবে অনলাইনে করতে হবে।
কোনো ধরনের ম্যানুয়াল বা হাতে লেখা আবেদন আর গ্রহণ করা হবে না। একই সাথে স্বাস্থ্য অধিদফতরের জারি করা বদলি ও পদায়ন আদেশ অনুযায়ী যাদের কর্মস্থল পরিবর্তন হয়েছে, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আগের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রশাসন অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। গত ১০ নভেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসন শাখার সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রমের গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বদলি ও পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে পাঠাতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। যৌক্তিক কারণ ছাড়া বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই বদলি হওয়া কর্মকর্তাদের অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদ প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে ছুটি বা প্রেষণের মেয়াদ শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
বদলি বা পদায়ন আদেশ পুনর্বিবেচনার আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। কেবল তথ্যগত বা প্রশাসনিক জটিলতা থাকলে যোগদানের আগেই সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা যাবে। এ ছাড়া শিক্ষা প্রেষণ বা ছুটি শেষে ফিরে আসা ওএসডি চিকিৎসকদের সাত কর্মদিবসের মধ্যে যোগদান এবং অনলাইনে পদায়নের আবেদন করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বা অন্যান্য প্রশাসনিক কাজে আসার আগে নিজ কর্মস্থল থেকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন বা ছুটির পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদিত ছুটির পত্র ছাড়া অধিদপ্তরে আসাকে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯-এর লঙ্ঘন ও অসদাচরণ হিসেবে গণ্য করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
পদায়িত কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদান না করলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরদিনই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে পরিচালক প্রশাসন বরাবর ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানাতে হবে। স্বাস্থ্য অধিদফতরের সব বদলি ও পদায়ন আদেশের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে।

