...|...|...

বিশ্ব

‘ডিম ফোটার আগেই মুরগি গুনবেন না’, যুক্তরাষ্ট্রকে ইরানের কটাক্ষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০৩
Shares
‘ডিম ফোটার আগেই মুরগি গুনবেন না’, যুক্তরাষ্ট্রকে ইরানের কটাক্ষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার সেই বক্তব্য উড়িয়ে দিয়ে ইরানের হেম্মতি বলেছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত দিচ্ছে।

ইরানের সামনে ‘দীর্ঘ ও শীতল শীতকাল’ অপেক্ষা করছে—বেসেন্টের এমন পূর্বাভাসের জবাবে হেম্মতি বলেন, মার্কিন অর্থমন্ত্রী তার আগের ভবিষ্যদ্বাণীর হিসাবই এখনও মেলাতে পারেননি।

তিনি বলেন, শরতের শেষে যে মুরগি গুনতে বলেছিলাম, সেটিই তিনি এখনও গুনে শেষ করতে পারেননি। আগে সেটি গুনুন, তারপর শীতের কথা বলুন। এখনও অনেক তাড়াতাড়ি।

হেম্মতির এই মন্তব্য পারস্যের একটি প্রবাদকে ঘিরে, যার অর্থ—ফলাফল নিশ্চিত হওয়ার আগেই সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

এর আগে বেসেন্ট বলেছিলেন, ইরানিদের সামনে দীর্ঘ ও শীতল শীতকাল অপেক্ষা করছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে তেহরান চাইলে তুলনামূলক ভালো শর্তে একটি চুক্তিতে পৌঁছাতে পারত।

তিনি আরও বলেন, এখন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন না, ইরানের সাথে আমাদের কোনো চুক্তির প্রয়োজন আছে। আমরা চাপ প্রয়োগ অব্যাহত রাখব।

অন্যদিকে বৈদেশিক মুদ্রার পরিস্থিতি নিয়ে হেম্মতি দাবি করেন, অবস্থা স্থিতিশীল রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রায় ৩৩ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি।

হেম্মতি বলেন, আলহামদুলিল্লাহ, পরিস্থিতি ভালো। এই সময়েই আমরা প্রায় ৩৩ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সরবরাহ করেছি।

তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় পণ্য ও ওষুধের সরবরাহও অব্যাহত রয়েছে।

হেম্মতি বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সে অনুযায়ী ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ চালু রয়েছে।

তিনি আরও বলেন, দেশের বৈদেশিক মুদ্রা সরবরাহে কোনো ধরনের বিঘ্ন যেন না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করছে।

তার ভাষায়, আল্লাহর ইচ্ছায় কোনো সমস্যা নেই। আমাদের সব চেষ্টা হচ্ছে যেন কোনো সমস্যা তৈরি না হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেসেন্ট এর আগেও ইরানের অর্থনীতির পতন নিয়ে একাধিক নির্দিষ্ট সময়সীমাভিত্তিক পূর্বাভাস দিয়েছেন, যেগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়নি।