...|...|...

জাতীয়

আ.লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ১১:৫২
Shares
আ.লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে বাংলাদেশে স্থিতিশীলতা, ন্যায়বিচার, মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন মাইকেল মিলার। অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইইউর অবস্থান জানতে চাওয়া হলে তিনি এ কথা বলেন।

জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘এখানে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। আমি যা বলব, তা আমার নিজস্ব পর্যবেক্ষণ। আমরা চাই একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ। স্থিতিশীলতার অর্থ হলো ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা এবং আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানো। আর এর মানে হচ্ছে সংঘাত ত্যাগ করে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো।’

তিনি আরও বলেন, বিগত শাসনকালে বাংলাদেশের নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার জায়গাটি ফাঁকা করে ফেলা হয়েছিল। প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি এবং সংঘাত নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের বিষয়ে মাইকেল মিলার বলেন, প্রতিক্রিয়াটি সমানুপাতিক হয়েছে বলে তিনি মনে করেন।

গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমাবেশের স্বাধীনতা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এরও একটি সীমা রয়েছে। কোনো সংগঠন বা ব্যক্তি বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে, জনশৃঙ্খলা বিনষ্ট করলে কিংবা সংঘাত ও ঘৃণা উসকে দিলে তা গ্রহণযোগ্য হতে পারে না। মতপ্রকাশের স্বাধীনতা মানে সংঘাতের লাইসেন্স নয়।

রাজনৈতিক রূপান্তরকে জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। ইউরোপের ইতিহাসেও রাজনৈতিক রূপান্তরের কঠিন অভিজ্ঞতা রয়েছে। গণতন্ত্র মানে শুধু নির্বাচন বা পার্লামেন্ট নয়, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থার বিষয়। এ জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে চরম দৃঢ়তা দেখাতে হবে।

বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও আস্থা প্রকাশ করেন মাইকেল মিলার। একই সাথে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নির্বাচনপরবর্তী সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে বৃহত্তর জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ ও ইইউর সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, আগামী বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রাসেলস সফরের কথা রয়েছে। বাংলাদেশকে চলতি বছরের ডিসেম্বরেই মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইইউ। এ ছাড়া আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে ‘ইইউ-বাংলাদেশ বিজনেস ও ইনভেস্টমেন্ট সামিট’।