...|...|...

জাতীয়

বিমানমন্ত্রী

বৈরিতা নয়, সৌহার্দ্যের নীতিতে এগিয়ে গেলে শ্রমিকের অধিকার সুরক্ষিত হবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৮
Shares
বৈরিতা নয়, সৌহার্দ্যের নীতিতে এগিয়ে গেলে শ্রমিকের অধিকার সুরক্ষিত হবে

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিরোধ নয়, পারস্পরিক সহযোগিতা এবং বৈরিতা নয়, সৌহার্দ্যের নীতিতে এগিয়ে গেলে শ্রমিকের অধিকার সুরক্ষিত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থানও সম্প্রসারিত হবে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন’-এর অভিষেক ও পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হোটেলের সর্বস্তরের কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হলো তার দক্ষ, অভিজ্ঞ ও আন্তরিক কর্মীগণ। বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

কর্মপরিবেশ ও কর্মীদের মর্যাদার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, কর্মচারীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত জরুরি। আপনারা নিজেদের শুধু একজন কর্মচারী হিসেবে বিবেচনা করবেন না, আপনারা প্রত্যেকেই ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সুনাম, ঐতিহ্য ও অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার।

যে–কোনো সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, আপনাদের কোনো ন্যায্য সমস্যা বা দাবি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তা উপস্থাপন করতে হবে। বিরোধ নয়, পারস্পরিক সহযোগিতা, বৈরিতা নয়, সৌহার্দ্য—এই নীতিতে এগিয়ে গেলে শ্রমিকের অধিকার যেমন সুরক্ষিত হবে, তেমনি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থানও সম্প্রসারিত হবে।

নবনির্বাচিত কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নির্বাচিত ইউনিয়ন শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি এবং ব্যবসায়িক সাফল্য অর্জনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করে যাবে।