...|...|...

সারাদেশ

গাজীপুরে মহাসড়ক অবরোধ, অর্ধশত কারখানা বন্ধ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৫
Shares
গাজীপুরে মহাসড়ক অবরোধ, অর্ধশত কারখানা বন্ধ

ছবি: টাইমস টুডে

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

শ্রমিক অসন্তোষের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবারের জন্য ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অর্ধশত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবারও শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।

এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবারও ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৫ প্লাটুন এসআরবি এবং ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে। তারা মহানগর পুলিশ, জেলা পুলিশ ও শিল্প পুলিশের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে চলমান পরিস্থিতিতে গাজীপুরের কাশিমপুর কারাগার এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা বন্ধের কারণে গাজীপুর শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।