নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে সেখানে যাওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। এ সময় দেশি প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী যৌথ প্রশিক্ষণ মহড়ার অনুশীলনস্থল ঘুরে দেখবেন। পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
উপ প্রেস সচিব জানান, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে।
এ অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরের মধ্য দিয়ে স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানের তিন বাহিনীর যৌথ অনুশীলন পরিদর্শনের ঘটনা ঘটতে যাচ্ছে। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এ ভূখণ্ডটি স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামেও পরিচিত।


