প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার জন্য ভারতকে দায়ী করেছেন বলে প্রতিবেশী দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে দিয়েছে বাংলাদেশ। ঢাকা জানিয়েছে, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া সেই বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভারতীয় ওই গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। কারণ, প্রধানমন্ত্রী নিজ বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।’
ওই মুখপাত্র অভিযোগ করেন, বেশ কয়েকটি দেশে এই সহিংসতা নিরাপত্তা সংকট তৈরি করছে। সেই সাথে বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুনামও নষ্ট করছে। এই সহিংসতা ছড়িয়ে পড়া রোধে সংশ্লিষ্ট দেশগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
উল্লেখ্য, সম্প্রতি লালমনিরহাটে এক জনসভায় যোগ দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন জনসভায় বক্তব্যকালে তিনি বলেন, ১৬ বছর জোর করে দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সেই সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ২০২৪ সালের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তথ্যসূত্র: বাসস


