তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাবকে ‘অপর্যাপ্ত’ ও ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে শ্রমিকপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার সাংবাদিকদের জানান, প্রস্তাবিত অঙ্ক শ্রমিকদের প্রত্যাশার ধারেকাছেও নেই। তবে আলোচনার পথ খোলা রেখে উভয় পক্ষই নিজ নিজ প্রস্তাব সংশোধন করে পুনরায় বৈঠকে বসতে সম্মত হয়েছে।
বাবুল আক্তার বলেন, মালিকপক্ষের প্রস্তাব কিছুটা কম দিয়ে শুরু হয়েছে। তবে এটিই চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক অবস্থানে পৌঁছাতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবে। একইভাবে মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করবে বলে আশা করছেন তারা।
তিনি বলেন, মালিকপক্ষ একটু কম দিয়ে প্রস্তাব শুরু করেছে। তবে এটাই চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি আলোচনা করে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে।
প্রস্তাবের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই শ্রমিক নেতা বলেন, বিষয়টি এখনো আলোচনাধীন। দুই পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তী আলোচনা এগোবে।
আলোচনা দ্রুত শেষ করার বিষয়ে উভয় পক্ষের আগ্রহ রয়েছে জানিয়ে বাবুল আক্তার বলেন, প্রয়োজনে সোমবার রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত শ্রমিকপক্ষ। তা সম্ভব না হলে সভা মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও আলোচনায় বসতে চান তারা।
ন্যূনতম মজুরি নির্ধারণের আগের প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে বাবুল আক্তার বলেন, ২০২৩ সালে শ্রমিকপক্ষের দাবি ছিল ২৩ হাজার টাকা। কিন্তু শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। সে সময় মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল প্রায় ১০ হাজার ৪০০ টাকা।
আগেরবারের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। এবার শ্রমিকদের দাবির পক্ষে সব শ্রমিক ফেডারেশন যৌক্তিক অবস্থান নিয়েছে। তবে শিল্পের স্বার্থ বিবেচনায় আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে শ্রমিকপক্ষের প্রস্তাবেও কিছুটা সংশোধন আসতে পারে।
মজুরি নিয়ে আলোচনা চললেও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে বলে জানান বাবুল আক্তার। তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে, এমনকি তারও আগে থেকে চলমান আন্দোলনের সাথে মজুরি বোর্ডের সভা হওয়া বা না হওয়ার সরাসরি সম্পর্ক নেই।
তবে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তার ভাষ্য, ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি মজুরি বোর্ডের মাধ্যমেই নিষ্পত্তি হবে। উৎপাদন বন্ধ রাখার পক্ষে শ্রমিক সংগঠনগুলো নয়।
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের দাবির প্রতি সহানুভূতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একই সাথে উৎপাদন অব্যাহত রাখাও জরুরি।
আলোচনায় মালিকপক্ষের দেয়া তথ্যের বরাত দিয়ে বাবুল আক্তার জানান, শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার কারণে রপ্তানি খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। শ্রমিকরা কাজে যোগ না দিলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান এই শ্রমিক প্রতিনিধি।


