...|...|...

জাতীয়

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৮
Shares
প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীও যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও জানান, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এ খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ডসহ বেশ কিছু কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।