দিনভর রাষ্ট্রপতির অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের পর মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা কলেজ ক্যাম্পাস। উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে বিকট শব্দে বিস্ফোরণের পর আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলেজের একাধিক আবাসিক শিক্ষার্থী।
সরেজমিনে দেখা যায়, বিস্ফোরণের শব্দ শুনে বিভিন্ন ছাত্রাবাস থেকে শিক্ষার্থীরা বেরিয়ে বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হন। এ সময় তারা ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘রাত আনুমানিক ১২টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।’
বিস্ফোরণের সময় ঘটনাস্থলের খুব কাছেই ছিলেন কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান। তিনি বলেন, ‘আমি ও আমার কয়েকজন বন্ধু খাবার খেতে ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমাদের প্রায় ১০ হাত দূরে একটি বিস্ফোরণ ঘটে।’
তিনি আরও বলেন, ‘বিকট শব্দে আমরা কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যাই। মুহূর্তের মধ্যেই প্রচুর ধোঁয়া এসে আমাদের শরীরে লাগে। আমাদের ধারণা, বিজয়-২৪ ছাত্রাবাসের দিক থেকে ককটেলটি ছোড়া হয়েছে।’
তবে ককটেলটি কোথা থেকে ছোড়া হয়েছে কিংবা কারা এ ঘটনার সাথে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘এমন ঘটনার বিষয়ে আমি এখনো কিছু জানি না। খোঁজখবর নিচ্ছি।’
এর আগে শুক্রবার ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে তিনি অগ্নিসংযোগ, সন্ত্রাস ও সহিংসতা বন্ধের আহ্বান জানান।


