রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে ঘোরাঘুরির সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তার এক সহযোগী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালমাটিয়ার অক্সফোর্ড স্কুলের পেছনের সড়কে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. সোহাগ বেপারী (৩৭)। তিনি শরীয়তপুরের পালং থানার রায়পুর এলাকার বাসিন্দা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সোহাগ ও রতন নামে আরেক ব্যক্তি নিজেদের এনএসআই সদস্য পরিচয় দিয়ে লালমাটিয়ার ডি ব্লকে চলাফেরা করছিলেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা পরিচয় যাচাইয়ের চেষ্টা করেন। একপর্যায়ে সোহাগকে আটক করা সম্ভব হলেও রতন পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে ওই দুই ব্যক্তি লালমাটিয়ার ডি ব্লকের একটি মাঠে যান। সেখানে অবস্থানরত কয়েকজন তরুণের সামনে নিজেদের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচয় দেন তারা। ওই সময় রতনের হাতে পুলিশের ব্যবহৃত একটি হ্যান্ডকাফ দেখা যায়। পরে তরুণেরা সেখান থেকে চলে যান।
পরদিন শুক্রবার রাতে একই মোটরসাইকেলে তাদের আবার এলাকায় আসতে দেখা যায়। আগের দিনের ঘটনায় সন্দেহ তৈরি হওয়ায় স্থানীয় কয়েকজন তাদের পরিচয় সম্পর্কে জানতে চান। পরিস্থিতি বুঝতে পেরে রতন মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
আটকের পর সোহাগ নিজেকে পেশায় গাড়িচালক বলে দাবি করেন।
ওসি আব্দুল হালিম আরও জানান, সোহাগের বিরুদ্ধে আগে থেকেই চাঁদাবাজি ও মারামারির অভিযোগে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


