...|...|...

ক্যাম্পাস

জবি ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৯
Shares
জবি ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

জবি ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল। ছবি: টাইমস টুডে

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেতাকে আটক করে মারধরের পর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল খান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিভাগটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

বিভাগীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতা বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে এসেছিলেন। এ সময় খবর পেয়ে ছাত্রদলের নেতারা সেখানে গিয়ে তাকে আটক করেন। তখন ছাত্রদল নেতাদের বাধা দেন আটক শাকিলের বান্ধবী ও সহপাঠীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করেন উপস্থিত নেতারা।

এদিকে, শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকার তাৎক্ষণিক প্রমাণ পাওয়া গেছে শাকিলের বিরুদ্ধে। এ ছাড়া, তিনি এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিভাগের ছাত্রলীগের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড তার মাধ্যমেই পরিচালিত হয়।

ছাত্রলীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাছির আহমাদ বলেন, ওই ছাত্রনেতাকে ধরে নিয়ে আসছে। পরে আমরা একটু দেখার চেষ্টা করলাম সে কে। পরে এটা জানতে পারলাম যে ওই যে ফিলোসফি (দর্শন) ডিপার্টমেন্টের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক দেখার পরে আমরা তো তার নিরাপত্তা বিধান নিশ্চিত করা দরকার, এজন্য আমরা পুলিশকে ফোন দিয়েছি এবং পুলিশের হেফাজতে আমরা সোপর্দ করেছি।