রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) সেশনজটের প্রভাব এবার পড়েছে শিক্ষার্থীদের পরিচয়পত্রে। মাস্টার্সে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে এমন আইডি কার্ড, যার মেয়াদ ভর্তির আগেই শেষ হয়ে গেছে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ পরিচয়পত্র দিয়ে শিক্ষার্থী হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আলাউদ্দিন জয় জানান, সম্প্রতি মাস্টার্সের আইডি কার্ড হাতে পেয়েছেন তিনি। তবে কার্ডটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩০ জুন। অর্থাৎ, কার্ডটি হাতে পাওয়ার আগেই এর কার্যকারিতা শেষ হয়ে গেছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করলে জানানো হয়, এ ক্ষেত্রে তাদের কিছু করার নেই। বিভাগের সেশনজটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং নিয়মের বাইরে গিয়ে আইডি কার্ডের মেয়াদ পরিবর্তনের সুযোগ নেই।
আলাউদ্দিন জয় আরও বলেন, মেয়াদোত্তীর্ণ এই আইডি কার্ড শিক্ষার্থীদের কোনো কাজেই আসবে না। অনলাইনে বিভিন্ন শিক্ষাসংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে শিক্ষার্থী পরিচয়ের প্রমাণ হিসেবে কার্ডটি ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। উল্টো কার্ডের মেয়াদ দেখে সংশ্লিষ্টরা মনে করতে পারেন, তিনি আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। শুধু মাস্টার্স নয়, অনার্সের আইডি কার্ডের ক্ষেত্রেও একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে বলে জানান তিনি।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সেশনজটের বাস্তবতা কখনো কখনো এমন অভিজ্ঞতার জন্ম দেয়, যা হাস্যকর মনে হলেও এর পেছনে রয়েছে গভীর সংকট। ২০২৬ সালের আগস্টে মাস্টার্সে ভর্তি হয়ে আইডি কার্ড হাতে পেয়েছেন, অথচ কার্ডটির মেয়াদ শেষ হয়েছে জুন মাসেই।
নাজমুল হাসানের ভাষায়, এটি শুধু একটি পরিচয়পত্রের সমস্যা নয়; বরং উচ্চশিক্ষার দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক সমন্বয়হীনতার প্রতীকী চিত্র। শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার সাব-রেজিস্ট্রার মাহবুব আরা বলেন, আইডি কার্ডের মেয়াদসংক্রান্ত সমস্যায় একাডেমিক শাখার কোনো গাফিলতি নেই। মূলত সেশনজটের কারণেই এ পরিস্থিতি তৈরি হচ্ছে। চাইলেও নীতিমালার বাইরে গিয়ে আইডি কার্ডের মেয়াদ বাড়ানোর সুযোগ নেই।
তিনি উদাহরণ দিয়ে বলেন, গত ১৬ নভেম্বর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি (ইঞ্জিঃ)/এম. (ইঞ্জিঃ) ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির শেষ তারিখ নির্ধারিত রয়েছে। এখন শিক্ষাবর্ষ অনুযায়ী আইডি কার্ডের মেয়াদ নির্ধারণ করা হলে দেখা যাবে, শিক্ষার্থীদের হাতে কার্ড পৌঁছানোর আগেই সেটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ ও প্রশাসনের বক্তব্যে উঠে এসেছে, সেশনজট শুধু শিক্ষাজীবন দীর্ঘায়িত করছে না, এর প্রভাব পড়ছে দৈনন্দিন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমেও। এ পরিস্থিতিতে সেশনজট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় আইডি কার্ডের মেয়াদ নির্ধারণ এবং সংশ্লিষ্ট নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


