রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে দুটি ককটেল রাখা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তারা বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, মেইন গেটের দায়িত্বে থাকা পুলিশ ফোন দিয়ে জানায়, সেখানে দুটি ককটেল পাওয়া গেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এ ঘটনার পরপরই ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোন করে বলেন, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের ওপর ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা।
কাজলা ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। সেখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আরেকটি ককটেল অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। আমাদের বিশেষজ্ঞ দল আসার পর এটি উদ্ধার করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন কাউকে গ্রেফতার করা যায়নি।


