...|...|...

ক্যাম্পাস

হীরকজয়ন্তীর বর্ণিল সাজে চবি ক্যাম্পাস, সুরের মূর্ছনা ছড়াবেন জেমস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৮:২৮
Shares
হীরকজয়ন্তীর বর্ণিল সাজে চবি ক্যাম্পাস, সুরের মূর্ছনা ছড়াবেন জেমস

ছবি: টাইমস টুডে

পাহাড়ের ভাঁজে সবুজের সমারোহে ১৯৬৬ সালের ১৮ নভেম্বর মাত্র চারটি বিভাগ ও দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ছয় দশকের দীর্ঘ পথপরিক্রমায় দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় অনন্য অবস্থান গড়ে তোলা এই বিদ্যাপীঠ আজ পা রাখছে প্রতিষ্ঠার ৬০ বছরে।

গৌরবময় এই মাইলফলক উদ্‌যাপনে বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য হীরকজয়ন্তী। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাকে ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, আর দিনব্যাপী নানা আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাতে আসছেন নগরবাউল জেমস।

হীরকজয়ন্তীকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উৎসবের রঙে সেজেছে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। প্রধান ফটক, প্রশাসনিক ভবন, শহীদ মিনার চত্বর ও একাডেমিক ভবনগুলোয় করা হয়েছে নান্দনিক আলোকসজ্জা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন তোরণ, রঙিন ব্যানার ও আলপনা। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে বিশেষ ফটো কর্নার ও প্রদর্শনী স্টল।

উৎসবে অংশ নিতে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ পরিবহনব্যবস্থা চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল সাড়ে সাতটা থেকে চট্টগ্রাম নগরের নিউমার্কেট, ওয়াসার মোড় (জমিয়াতুল ফালাহ) এবং ষোলশহর শপিং কমপ্লেক্স পয়েন্ট থেকে ৫০টি বিশেষ বাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।

হীরকজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে থাকছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। আনুষ্ঠানিক পর্ব শেষে বিকেল ও সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনার পর দর্শকদের সাথে আনন্দ ভাগাভাগি করতে ও গান শোনাতে মূল মঞ্চে উঠবেন জনপ্রিয় রক সংগীতশিল্পী নগরবাউল জেমস। তার আগমন ঘিরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম জানান, প্রিয় শিল্পী জেমসের উপস্থিতি ও সংগীত পরিবেশনা হীরকজয়ন্তীর উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে।

ছয় দশকের এই অর্জন উদ্‌যাপনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আগামীর পথচলা নিয়েও প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। আবাসন সংকট নিরসন, শাটল ট্রেন ও পরিবহনব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের গবেষণার পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আলোচনায়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বিশ্ববিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির আগেই চবিকে একটি পূর্ণাঙ্গ আবাসিক ও বিশ্বমানের র‍্যাংকিংধারী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন। সংশ্লিষ্টদের আশা, হীরকজয়ন্তীর এই মহোৎসব বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সাফল্যকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের অগ্রযাত্রায় নতুন প্রেরণা জোগাবে।