...|...|...

জাতীয়

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৮
Shares
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা (কমিউনিকেশন স্কিল) এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য দক্ষতা অর্জনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করা উচিত।

আজ (১৫ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, চাকরির বাজারের চাহিদা বিবেচনায় সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করছে বিশ্ববিদ্যালয়টি।

এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় বিইউপির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস