সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
রবিবার (২২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘটনার নিন্দা জানান জামায়াত আমির। একইসাথে হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘আজ রবিবার রাত ৩টার পর ডাকসুর জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।’
এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে দুষ্কৃতকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে এ ধরনের ঘটনার জন্য দায়ী করে জামায়াত আমির আরও লিখেছেন, ‘একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী। এ ব্যাপারে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’


